শালিক উদ্ধারে দৃষ্টান্ত স্থাপন করলো ঈশ্বরদী ফায়ার সার্ভিস

ঈশ্বরদীতে শালিক পাখি উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীদের অভিযান।

নিজস্ব প্রতিবেদন: গাছের ডালে আটকেপড়া একটি শালিক পাখি উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করলো ঈশ্বরদী ফায়ার সার্ভিস। 

গত বুধবার রাত ৯টায় শহরের দড়িনারিচা হরিজন কলোনির সামনে শিমুল গাছে আটকে পড়া শালিকটি উদ্ধারে অংশ নেয় ফায়ার সার্ভিসের ৬ জন দমকলকর্মী। 

 প্রত্যক্ষদর্শী ও হরিজন কলোনির বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত হরিজন কলোনির মন্দিরে সামনে শিমুল গাছের উঁচু ডালে ঘুড়ির সুতার সঙ্গে এক পা আটকে
উপুর হয়ে ঝুঁলছিল একটি শালিক পাখি। বাঁচার জন্য পাখিটি ভীষণ চেঁচাচ্ছিল ও ডানা ঝাঁপটাছিল। এ দৃশ্য দেখে হরিজন কলোনির কয়েক যুবক পাখিটি মুক্ত করার বহু চেষ্টা করেন। কিন্তু বিশাল ওই গাছটি উঠতে পেরে সহায়তা জন্য ঈশ্বরদী ফায়ার সার্ভিসে ফোন করে তারা। ফোন করার ঠিক ১০ মিনিটের মাথায় ছুটে আসে দমকল বাহিনীর টিম। প্রায় ২০ মিনিটের চেষ্টায় প্রথম দফাতেই ফায়ার সার্ভিসের সদস্যরা গাছের ডালে আটকে থাকা পাখিটাকে উদ্ধার ও অবমুক্ত করে দেন। 

এ অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সাব অফিসার মো: বাকি বিল্লাহ। তিনি জানান, শিমুল গাছের প্রায় ২৫ ফুট উঁচু ডালে আটকে ছিল শালিক পাখিটি। নিচ থেকে দেখা তা দেখা যাচ্ছিল না। পরে স্টিলের মই দিয়ে গাছে উঠে পাখিটি উদ্ধার করা হয়। অভিযানের তারা মোট ছয়জন ছিলেন। উদ্ধারের দৃশ্যটি দেখার জন্য এসময় হরিজন কলোনিতে অনেক মানুষ ভিড় জমায়। পরে শালিক পাখিটি উদ্ধার হওয়ার দৃশ্য দেখে তারা উল্লাস প্রকাশ করেন। 

হরিজন কলোনির সবুজ কুমার নামে এক যুবক বলেন, পাখিটি সন্ধ্যার পর থেকে আটকে ভীষণ চেঁচাচ্ছিল। আমরা বহু চেষ্টা করেও গাছে উঠতে পারিনি। পরে সবাই সিদ্ধান্ত নেই পাখিটি উদ্ধারে দমকল বাহিনীকে জানানো জন্য। আমাদের পক্ষ থেকে রাতে মিলন কুমার বিষয়টি ঈশ্বরদী ফায়ার সার্ভিসে ফোন দিয়ে জানান। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি, মইসহ কলোনিতে এসে উদ্ধার কাজ শুরু করেন। 

ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শুধু অগ্নিকাণ্ড বা মানুষের অসুবিধা নয়, খবর পেলে যেকোনো প্রাণী উদ্ধার করতেও পিছুপা হননা তারা।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন