ঈশ্বরদীতে আড়ানীর মেয়র মুক্তার গ্রেপ্তার

রাজশাহী আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী।ছবি সংগৃহীত। 
নিজস্ব প্রতিবেদন: রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন থেকে শুক্রবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে রজব নামে তার এক সহযোগীকে।
 
তিনি সম্পর্কে মেয়রের শ্যালক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল মুক্তারকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মেয়রকে নিয়ে যাওয়া হয় বাঘা থানার আড়ানীতে তার নিজ বাড়িতে।
 
সেখানে তল্লাশি চালায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পৌর নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাতে বাড়িতে ঢুকে স্ত্রী-পুত্রসহ কলেজশিক্ষক মনোয়ার হোসেনকে মারধর করেন আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী। 
 
এ ঘটনায় রাতেই থানায় মামলা করেন মনোয়ার হোসেন। ৭ জুলাই রাতেই মেয়রের বাড়িতে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মেয়র। এ সময় বাড়ি থেকে মেয়রের স্ত্রী জেসমিন আক্তার (৪০), ভাতিজা সোহান (২৫) ও শান্তকে (২৩) আটক করা হয়। 
 
একই সঙ্গে তল্লাশি চালিয়ে বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১৭টি তাজা গুলি, ৪টি গুলির খোসা, ১টি ওয়ান শুটার গান, ১টি দেশে তৈরি বন্দুক, ১টি এয়ার রাইফেল, শটগানের ২৬টি গুলি, ১০ গ্রাম গাঁজা, ৭ পুরিয়া হেরোইন, ২০টি ইয়াবা বড়ি, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও মেয়রের স্বাক্ষর করা ১৮ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।
 
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস
 
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন