রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

করোনাই মৃত্যু ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ১২ জন, নাটোরের ২ জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার ১ জন করে। তাঁদের মধ্যে আটজন করোনায় মারা গেছেন।

করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে। বাকি নয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৪ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। ২৯ জুন ও ১৪ জুলাই ২৫ জন করে মারা গেছেন। এই মাসে এ পর্যন্ত মারা গেলেন ৪৫৭ জন। জুনে মারা গেছেন ৩৪৬ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী আজ বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫০ জন। এখনো হাসপাতালে ভর্তি ৩৯৯ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৭৪ জন, সন্দেহভাজন ১৪৭ জন ও নেগেটিভ ৭৮ জন। আজকের মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ১৮৩ জন। দ্বিতীয় অবস্থানে আছে নাটোর। এই জেলার রোগী ৬৬ জন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা আছে ৪৫৪।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১৩৭ জনের। শনাক্ত দাঁড়িয়েছে ৩০ দশমিক ৭৮ শতাংশে। আগের দিনে এই হার ছিল ৪৫ দশমিক শূন্য ৭।

নাটোরের ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৪৮ জনের পজিটিভ এসেছে। শনাক্ত দাঁড়িয়েছে ২৫ দশমিক ৯৫ শতাংশ।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন