জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জামাল হোসাইন তালুকদারকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার করা এখন সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।
সরকারের উদাসীনতা, ভুল নীতি ও ব্যর্থতার কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সরকারের অপরিকল্পিত লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন হচ্ছে। মানুষ অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছে এবং আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে।
জামাল হোসাইন তালুকদারের মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, একদলীয় কর্তৃত্ব চিরস্থায়ী করতেই সরকার মানুষের মর্যাদা, মানবতা ও নাগরিক স্বাধীনতাকে পদদলিত করছে।

