কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু

লাশপ্রতীকী ছবি
 
নিজস্ব প্রতিবেদন:  কুষ্টিয়ায় করোনা ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৪ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। ৯ জুলাই সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু হয়েছিল।

আজ রোববার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয় ও কুষ্টিয়া করোনা হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

দুটি সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, ২৫০ শয্যা কুষ্টিয়া করোনা হাসপাতালে ১২ জন পজিটিভ রোগী মারা যান। একই সময়ে উপসর্গ নিয়ে এই হাসপাতালে আটজন মারা গেছেন। এ ছাড়া বাকি দুজন পজিটিভ রোগী কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। করোনা হাসপাতালে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৮৩ জন ও উপসর্গ নিয়ে ৬৭ জন ভর্তি আছেন।

জেলা প্রশাসকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৮৮টি নমুনা পরীক্ষার বিপরীতে ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ২০ দশমিক ৭৪ শতাংশ। গত ১০ দিনের মধ্যে নমুনা অনুপাতে শনাক্তের হার এটাই সর্বনিম্ন।

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১১ হাজার ৯৬৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৭২০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪০৯ জন। দেশের করোনা শনাক্তের পর ১৪ মাসে কুষ্টিয়ায় মারা গেছে ১১২ জন। এরপর চলতি বছরের ২৯ মে থেকে ২৯ জুন পর্যন্ত এক মাসে করোনায় মারা গেছেন ৯০ জন। ৩০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত মাত্র ১০ দিনে মারা যান ১০৮ জন। সর্বশেষ ১০ জুলাই থেকে আজ ১৮ জুলাই পর্যন্ত মাত্র ৯ দিনে মারা যান ৯৯ জন।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন