খুলনা বিভাগে করোনায় মৃত্যু, শনাক্ত ও হার সবই বেড়েছে

করোনা ভাইরাস প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ঈদের দিন থেকে টানা চার দিন খুলনা বিভাগে দৈনিক করোনা শনাক্ত হাজারের নিচে ছিল। এ সময় নমুনা পরীক্ষাও অনেক কম হয়েছে। তবে টানা চার দিন পর আবার শনাক্ত হাজার ছাড়িয়েছে।

বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ১ হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক শূন্য ৬৪ শতাংশ। এ সময় ৪৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫৫ জন। আজ খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগে গতকাল করোনায় ৩৩ জনের মৃত্যু, ৮৫৮ জন সুস্থ এবং ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। অর্থাৎ গতকালের চেয়ে মৃত্যু, সুস্থ, শনাক্ত, শনাক্তের হার, নমুনা পরীক্ষা সবই বেড়েছে। কুষ্টিয়ায় শনাক্তের সংখ্যা ১৩ হাজার ও ঝিনাইদহে ৭ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর ল্যাবে ১ হাজার ৭০৫ জন, জিন এক্সপার্টে ৬৬ জন এবং র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২ হাজার ৬৯১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টার চেয়ে ৩ হাজার ৪৯২টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ২৫ দশমিক ৬৭ শতাংশ।

বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১ হাজার ৩২৮ জন। সুস্থতার হার ৭০ শতাংশ। বর্তমানে করোনা রোগী রয়েছেন ২৩ হাজার ৫৬৩ জন। এর মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫৫ জন। বাকিরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ২ হাজার ১৭১। মৃত্যুহার ২ দশমিক ৪৯। করোনায় মারা যাওয়া সর্বশেষ ৪৫ জনের মধ্যে কুষ্টিয়ায় ১৫ জন, খুলনায় ১১ জন, যশোরে ৬ জন, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে, বাগেরহাট ও ঝিনাইদহে ২ জন করে এবং চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও নড়াইলে ১ জন করে রয়েছেন।

বিভাগে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৪৯৫ জনের। এ ছাড়া যশোরে ৩১১ জন, ঝিনাইদহে ১৮২, চুয়াডাঙ্গায় ১৫০, মেহেরপুরে ১২৪, বাগেরহাটে ১১৫, নড়াইলে ৮৫, সাতক্ষীরায় ৮৩ ও মাগুরায় ৫৮ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ঝিনাইদহে সর্বোচ্চ ২৭৯ জন রয়েছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ২৬০, খুলনায় ১৯৭, যশোরে ১৩৬ জন, বাগেরহাটে ১১৫, চুয়াডাঙ্গায় ৬৯, মাগুরায় ৭৪ জন, মেহেরপুরে ৫৩, নড়াইলে ৩৪ এবং সাতক্ষীরায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৬২ জনের। শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এ জেলায় এখন পর্যন্ত ২২ হাজার ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া যশোরে ১৭ হাজার ৭৫১ জন, কুষ্টিয়ায় ১৩ হাজার ১৯৮, ঝিনাইদহে ৭ হাজার ১০৫, চুয়াডাঙ্গায় ৫ হাজার ৬৬০, বাগেরহাটে ৫ হাজার ৫৯৮, সাতক্ষীরায় ৫ হাজার ২৫৭, নড়াইলে ৩ হাজার ৮৮৪, মেহেরপুরে ৩ হাজার ৪৩৮ ও মাগুরায় ২ হাজার ৭৮৪ জন আছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন