![]() |
| রংপুরে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে কাঁচাবাজারে ভিড়।ফাইল ছবি। |
নিজেস্ব প্রতিবেদন: রংপুরের রাস্তাগুলো ফাঁকা সুনসান। সড়ক দেখে বোঝার কোনো উপায় নেই, নিত্যপণ্য কেনাকাটা করতে বাজারের ভেতর মানুষের ভিড়। সেখানে নেই কোনো সামাজিক দূরত্ব। ঠাসাঠাসি অবস্থা। অধিকাংশ মানুষের মুখেও নেই মাস্ক।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরের সিটি বাজারে গিয়ে এই চিত্র দেখা গেছে। সাধারণত শুক্রবার অন্যদিনের চেয়ে এই বাজারে বেশি ভিড় হয়।
দেখা গেছে, সিটি বাজারের সামনের সড়কে তেমন কোনো মানুষের উপস্থিতি নেই। একটু পরপর হাতে গোনা কয়েকটি রিকশা এসে থামছে। হাতে ব্যাগ নিয়ে বাজারে ঢুকছেন লোকজন। প্রধান সড়ক ছাড়াও আরও কয়েকটি ছোট রাস্তা রয়েছে, সেদিক দিয়েও লোকজন বাজারে প্রবেশ করছেন।
সবজির পাইকারি বাজারে কথা হলো একজন ক্রেতার সঙ্গে। মুখে মাস্ক নেই কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘পকেটে আছে। দোকানদারেররা কথা বুঝতে পারে না বলে মুখে দেইনি।’
সোলেমান মিয়া নামের একজন সবজি বিক্রেতা বললেন, ‘বাজারের দোকানগুলোই তো লাগালাগি, সেখানে দুই থেকে তিনজন দাঁড়ালেই একজনের সাথে আরেকজনের গা লেগে যায়। এখানে আমাদেরই বা কী করার আছে।’
এদিকে সকাল থেকে কখনো হালকা, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শহরের প্রবেশপথসহ পাড়া-মহল্লার মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে। আজ সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল খুবই সীমিত। দোকানপাটও বন্ধ, সড়ক গতকালের চেয়ে আরও ফাঁকা। গাড়ি নিয়ে বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে জরুরি প্রয়োজনে সড়কে কিছু লোকজন চলাচল করতে দেখা গেছে। সড়কে সাইকেল, রিকশা চলাচল করতে দেখা গেছে। পাড়া-মহল্লার অধিকাংশ সড়কে লোকজনের আনাগোনা কম চোখে পড়ে।
নগরের জিলা স্কুল মোড়, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, মেডিকেল মোড়, কাচারি বাজার, পার্ক মোড়, মডার্ন মোড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশিচৌকি দেখা গেছে। এসব স্থানে দায়িত্বরত পুলিশের সদস্যরা যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন ও বাইরে বের হওয়া মানুষদের সচেতন করছেন।
নগরের মুলাটোল বাজার এলাকায় কথা হয় রিকশাচালক আলী হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আইজকার দিনের বাড়ির খরচটা উঠলে বাড়ি চলি যাব। রিকশা না চালাইলে খামু কী?’
নগরের বিভিন্ন স্থানে করোনাভাইরাসের সংক্রমণ বিষয়ে হ্যান্ডমাইকে প্রচারণা চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদকে পুলিশ ভ্যানে মাইক দিয়ে লোকজনকে ঘরের বাইরে বের না হওয়ার জন্য প্রচারণা চালাতে দেখা যায়। তিনি বলেন, কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে জরুরি প্রয়োজনে মানুষের চলাচলে বাধা দেওয়া হচ্ছে না।
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

