![]() |
ফাইল ছবি
|
নিজস্ব প্রতিবেদন: মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঈশ্বরদী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে ৫০টি বাড়ি প্রদান করা হবে। সারা দেশের মতো ঈশ্বরদীতেও আজ রোববার সকালে বাড়ি হস্তান্তরের আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস এ তথ্য জানান।
তিনি জানান, গৃহহীনদের মাঝে ঘরের মালিকানা বুঝে দেয়ার জন্য সবরকম প্রস্তুতি শেষের দিকে। রোববার নির্ধারিত সময়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘর বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন। এ অনুষ্ঠান যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে।
ইউএনও আরও বলেন, প্রত্যেকটি বাড়ি নির্মাণে ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হচ্ছে। কোনো ঠিকাদার ছাড়া স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাড়িগুলো নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস বলেন, নিজেদের একটি পাকা ঘর পাওয়ার স্বপ্ন বাস্তবায়নে স্বপ্নভরা চোখে দিন দরিদ্র গৃহহীন পরিবার। যেখানে নিরাশ্রয় এসব মানুষ কোনোদিন ভাবেনি যে তারা একদিন নিজেরা জমির মালিক হবে আর পাকা ঘরে বসবাস করবে। অবশেষে স্বপ্নের ঠিকানার খোঁজ পেয়ে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
জানা যায়, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান সামনে রেখে ইতোমধ্যে ঘরগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, ভূমিহীন ও গৃহহীনকে বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ প্রাপ্তরা কেউ থাকেন পলিথিন মোড়ানো ঝুপড়িতে, কেউ অন্যের বাড়িতে বা কোন প্রতিষ্ঠানের বারান্দায়। বরাদ্দকৃত বাড়িতে পদার্পণের বার্তায় গৃহহীনরা এখন আনন্দে ভাসছেন।
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ থেকে গৃহহীনদের জন্য মুলাডুলি ইউনিয়নে ৫০টি বাড়ি নির্মাণ ও দুই শতক করে খাস জমি বন্দোবস্ত দিচ্ছে উপজেলা প্রশাসন।
এর আগে জানুয়ারি মাসে প্রথম পর্যায়ে উপজেলার ৫০টি গৃহহীন পরিবারকে দুই শতক করে খাস জমি বন্দোবস্তসহ বাড়ি বরাদ্দ দেয়া হয়েছে।

