![]() |
| চুরি যাওয়া মালামালসহ আটক পাঁচ চোর। |
নিজস্ব প্রতিবেন: ঈশ্বরদীর পাকশী হার্ডিং ব্রিজ সংলগ্ন লালনশাহ্ কফি হাউজ নামের একটি দোকান থেকে তিন দিন আগে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে এ খবরের সত্যতা নিশ্চিত করে পাকশী ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) শহিদুল ইসলাম শহীদ জানান, শনিবার রাতভোর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মানিকনগর পূর্বপাড়া গ্রামের মামুন (২৬), পাকশী গালর্স স্কুলপাড়ার টগর ওরফে সাগর (২২), পাকশী মেরিনপাড়ার লিপু (২৬), ভেড়ামারার বৃত্তিপাড়া গ্রামের ইয়াকুব আলী (৫৫) ও ঝিনাইদহ মধুপাড়া গ্রামের মারুফ হাসান (২৪) ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ মে রাতে লালনশাহ্ কফি হাউজে গ্রীল সরিয়ে চুরির ঘটনা ঘটে। এর একদিন পর ঈশ্বরদী থানায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মুক্তার হোসেন মুক্তি একটি মামলা দায়ের করে। এ ঘটনায় ২টি ফ্রিজ, কফি মেশিন, চুলা-গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে বলে তখন প্রাথমিকভাবে দোকান মালিক জানিয়েছিলেন। এর পর থেকে এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ মাঠে নামে। তদন্তের একপর্যায়ে লালন শাহ সেতুর পাকশী অংশের টোল প্লাজার সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে বিশ্লেষন করে একজন চোরকে চিহ্নিত করে পুলিশ। এতে দেখা যায় ওই দিন রাতে চুরি হওয়া মালামাল নসিমনে করে নিয়ে কুষ্টিয়ার দিকে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। ফলে ওই ব্যক্তির চেহারা সনাক্ত করে প্রথমে আটক করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী আরও চারজনকে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মালামাল ।
পুলিশ পরিদর্শক শহীদ আরও বলেন, এই চুরির রহস্য উদ্ধার একটি চ্যালেঞ্জ ছিলো। সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেপ্তার সম্ভব হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় রোববার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

