ঈশ্বরদীতে শত্রুতায় গেল গাছের প্রাণ!

 এক কৃষকের বিভিন্ন ধরনের গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে এক কৃষকের বিভিন্ন ধরনের গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলাচারা গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার সরেজমিনে জানা গেছে, সদর থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে দুবলাচারা গ্রাম। ওই গ্রামে রেললাইনের পাশে কৃষক তালেব জোয়াদ্দারের মৎস্য ও কৃষি খামার। এখানে তিনি তিনটি পুকুরে মাছ চাষ, বাণিজ্যিকভাবে ফলের বাগান ও সবজির আবাদ করেছিলেন। এই জমির আম, মালটা, সুপারি, কলার প্রায় ১৬৭টি গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

কৃষক তালেব জোয়াদ্দার বলেন, ‘আজ সকালে (রোববার) খামারে গিয়ে দেখি, বাগানের গাছের সবই ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। কলাগাছে থোড় আসা শুরু করেছিল। এখন আমার মাথায় হাত।’

তিনি আরও বলেন, ‘শনিবার রাতে খামারের নৈশ প্রহরী ছুটি নিয়ে বাড়িতে যায়। এই সুযোগে দুর্বৃত্তরা খামারে ঢুকে গাছ কেটে দেয়। তিনি এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।’

এ খবরের সত্যতা নিশ্চিত করে মুলাডুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম মালিথা বলেন, ‘মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? বাগানের গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি। গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করা হলো? এতে ওই কৃষকের বড় ক্ষতি হয়েছে।’

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘মুলাডুলি গ্রামে গাছ কাটার খবর শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন