ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে সোমবার ঈশ্বরদীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নিজস্ব প্রতিবেদন: ফিলিস্তিনের গাজা, জেরুজালেম এবং পশ্চিমতীরে শিশু ও নারীসহ বেসামরিক লোকজনের ওপর বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এসএসসি ২০০৭ ও সর্বস্তরের মানুষ ।

মানববন্ধনে যুবদল পাবনা জেলা শাখার সদস্য মীর হুমায়ুন কবির জিহাদ, ২০০৭ এসএসসি ব্যাচের শিক্ষার্থী লিখন ইসলাম, এবিএম সিফাত, সাঈদ হোসেন রাজন, মাসুদ পারভেজ জীবন, আবু ওয়াদুদ, মতিউর রহমান রতন ও এনামুল হক অংশ নেন।

বক্তারা ইসরাইলি ওই বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইহুদিবাদীদের এ মানবতাবিরোধী অপরাধ এখনই থামাতে হবে। এ জন্য বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা এ সময় আরও বলেন, ধরুন আপনার সামনে ইসরাইলিরা বোমা মেরে আপনার ভবনটি উড়িয়ে দিল। এর ভেতরে আছে আপনার সন্তান ও বাবা-মা, তখন আপনার কেমন লাগবে? ফিলিস্তিনে প্রতিমুহুর্তেই এ ধরনের মানবতাবিরোধী অপরাধ করছে ইসরাইল, আর আমরা সবাই নীরব দর্শক। এখনই এ নীরবতা ভাঙতে হবে। আসুন আমরা বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন