বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কারাবন্দীদের জন্য উন্নত মানের খাবার

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের কারাবন্দীদের উন্নত মানের খাবার পরিবেশন ও মিষ্টি বিতরণ করা হবে। কারাগারে বন্দী থাকা ৮৬ হাজার ২১৩ জন বন্দী ও কয়েদিদের মধ্যে এ খাবার পরিবেশনের জন্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার অর্থ বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। অর্থ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব চৌধুরী আশরাফুল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ব্যয়ের ক্ষেত্র যথাযথ বিল, ভাউচার করতে হবে। এ ক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দ চাওয়া যাবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন  বলেন, ‘ব্রিটিশ আমল থেকে কারাগারের বন্দী ও হাজতিদের জন্য সকালের নাশতা ছিল রুটি ও সামান্য গুড়। অনেক সময় পেরিয়ে গেছে, এটা সংশোধিত হয়নি।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমরা সেটা সংশোধন করেছি। তাঁরা যেন কারাগার থেকে মুক্তি পেয়ে কাজ করে আয় করতে পারেন, সে জন্য কারাগারের ভেতরে প্রশিক্ষণ দিচ্ছি। বন্দীরা মাস্কসহ নানা পণ্য তৈরি করছেন। সেগুলো বিক্রি করে লাভের একটি অংশ দিচ্ছি। এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁদের উন্নত মানের খাবার পরিবেশনের উদ্যোগ নিয়েছি।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন