![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রেললাইনে মোবাইলে কথাবলার সময় আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন রকিবুল আলম মফিজ (৫০) নামে এক প্রাইভেট শিক্ষক।
মঙ্গলবার উপজেলার ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইনের মুলাডুলি রেলওয়ে লেভেল ক্রসিং গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলপুলিশ দুপুরে লাশ উদ্ধার করেছে।
নিহত রকিবুল আলম পাশ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার কদমচিলান ইউনিয়নের আক্কাস আলীর ছেলে। তিনি প্রাইভেট শিক্ষক হিসেবে পরিচিত।
রকিবুলের স্বজনদের বরাত দিয়ে মুলাডুলি ইউনিয়ন চেয়ারম্যান সেলিম মালিথা জানান, মঙ্গলবার সকালের দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাকিবুল আলম মুলাডুলি রেলওয়ে লেভেল ক্রসিং গেট অতিক্রম করে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি ওই লাইন দিয়ে অতিক্রম করছিল। ট্রেন চালক হুইচেলও দিলেও সরে যাননি। মহুর্তেই তিনি ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল জানান, নিহতের পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেল থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত হয়েছে।

