অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে 'বেকুব' বললেন সাবেক মন্ত্রী শাহজাহান খান

শাজাহান খান ও ইলিয়াস কাঞ্চন। ফাইল ছবি
ডেস্ক নিউজ: নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের প্রতিষ্ঠাতা চলচিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে ‘বেকুব’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান। 
 
শুক্রবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজশাহীতে ফেডারেশনের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
 
শাজাহান খান বলেন ‘ইলিয়াস কাঞ্চন একজন বিজ্ঞ বিশেষজ্ঞ। উনি বলেন এই আইনের যদি সংশোধন হয়, তাহলে বাংলাদেশ হেরে যাবে। কত বড় বেকুব হলে এ কথা বলতে পারেন? আমি আশ্চর্য হয়ে যাই। ওই আইনের মধ্যে আছে- আপনি যদি ট্রাফিক আইন ভঙ্গ করেন তাহলে ১০ হাজার টাকা জরিমানা হবে। আপনি যদি যেখান সেখান দিয়ে রাস্তা পারাপার হন, ওটা কিন্তু ট্রাফিক রুল ভঙ্গ করা হলো। তাহলে ওই রুল যে ভঙ্গ করবে তারও ১০ হাজার টাকা জরিমানা হবে। বলেন তো, এটা কি যৌক্তিক? আমরা সে ক্ষেত্রে বলেছি- এটা হতে পারে না। আমরা সেটাকে কমিয়ে আনার জন্য বলেছি। এটাকে এক হাজার বা পাঁচ শ’র মধ্যে আনতে হবে। যারা বলেন সংশোধন দরকার নেই, তারা মূলত আইনই পড়েননি।
 
সড়ক পরিবহন আইনটি একটা প্রেক্ষাপটে তাড়াহুড়া করে পাস করতে হয়েছিল। আশা করছি আগামী সংসদ অধিবেশন বা বাজেট অধিবেশনে সংশোধনীগুলো পাস হবে। শাজাহান খান আরও বলেন, "বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছেন, যে বুদ্ধিজীবীরা পরিবহন শ্রমিকদের দেখতে পারেন না। তাঁরা মনে করেন পরিবহন শ্রমিকদের ফাঁসি দিলেই বোধ হয় দুর্ঘটনা সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে যাঁরা এটা বলেন, তাঁরা হাস্যকর কথা বলেন। 
 
পৃথিবীতে বহু দেশেই হত্যা যাঁরা করেন, তাদের ফাঁসির আইন আছে না? তার জন্য কি খুন বন্ধ হয়ে গেছে?’ ইলিয়াস কাঞ্চনের প্রতি ঈঙিত করে সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, 'তিনি' শ্রমিকদের বিরুদ্ধে কঠোর যা যা করা যায় সবকিছুর জন্য নানাভাবে অবাস্তব প্রস্তাব দিয়েছেন। ফেডারেশনের পক্ষ থেকে আমরা সর্বশেষ পরিস্থিতি দেখে তাকে অবাঞ্ছিত ঘোষণা করব। কোথাও শ্রমিক ইউনিয়নে জায়গা দেবেন না তাকে।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন