নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সংযোগ সেতু উদ্বোধনের আগেই বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে। এদিকে সেতুর এক পাশে এখনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। দীর্ঘ ছয় বছর ধরে নির্মাণকাজ চললেও সংযোগ সড়ক না থাকা এবং ভাঙন দেখা দেওয়ায় দুই পাশের ১০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চর কুরুলিয়া গনির ঘাটে সেতুটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কমাতে ২০২১ সালের ১১ এপ্রিল ৭ কোটি ৪ লাখ ১৩ হাজার ৭৪৯ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। কাজটি পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএল প্রাইভেট লিমিটেড।
তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় তিন দফা সময় বাড়ানো হয়। সেই সঙ্গে বাড়ে প্রকল্পের ব্যয়ও। প্রায় ৪৫ লাখ টাকা বাড়িয়ে শেষ পর্যন্ত সেতুটির নির্মাণ ব্যয় দাঁড়ায় ৭ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার ৮৩৩ টাকা।
স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘসূত্রতার পাশাপাশি সেতু নির্মাণে নিম্নমানের কাজ করা হয়েছে। উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। অন্যদিকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয় হলেও এখনো এক পাশের সংযোগ সড়ক তৈরি হয়নি। ফলে সেতুটি কোনো কাজেই আসছে না।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। তবে বর্ষা মৌসুম হওয়ায় সংযোগ সড়কের কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
পাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, অন্য পাশে আরেকটি কাজ চলমান রয়েছে। প্রায় ৬৩ লাখ টাকার ওই কাজের মেয়াদ এখনো রয়েছে। আশা করা হচ্ছে, বৃষ্টি কমে গেলে সেতুর অন্য পাশের কাজ শেষ করা সম্ভব হবে।


