নিজস্ব প্রতিবেদক: জাল সনদে ১৩ বছর ধরে চাকরি করার অভিযোগ উঠেছে ঈশ্বরদীর পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মো. শরিফুল ইসলাম ওই কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাম্প্রতিক পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনে শরিফুল ইসলামের জমা দেওয়া চতুর্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ (২০০৮ সাল, রোল নম্বর: ২২০১০৩৮০) জাল ও ভুয়া প্রমাণিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি অন্যের নিবন্ধন সনদ জাল করে নিজের নামে তৈরি করেছেন। ২০১৩ সালে ওই ভুয়া সনদে চাকরি পাওয়ার পর তিনি ২০১৮ সালে এমপিওভুক্ত হন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা তুলে আসছেন।
জালিয়াতি ধরা পড়ার পর মাউশির কলেজ শাখা-৩ থেকে জারিকৃত অফিস আদেশে দেশের ৪৭১ জন জাল সনদধারী শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকার ১৬৩ নম্বর ক্রমিকে শরিফুল ইসলামের নাম রয়েছে। আগামী শুনানিতে কলেজের অধ্যক্ষসহ শরিফুল ইসলামকে মাউশিতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের অধ্যক্ষ জানান, তিনি মাউশির নোটিশ পেয়েছেন এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে জাল সনদের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি।

