বড় মাছ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বড় মাছ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ডিমের দাম আরও বাড়ল, চড়া মাছের বাজারও

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাঁচাবাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বাজারে অধিকাংশ মাছের দামও চড়া। ফলে কেনাকাটায় স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং এক ডজন লাল ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে মূল্যের এই চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় ফার্মের মুরগির ডিমের দাম বেড়েছে। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, যা গত সপ্তাহে ১১৫ থেকে ১২০ টাকা ছিল। অন্যদিকে সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা আগের সপ্তাহে ১১০ টাকা ছিল। বাজারে প্রতি কেজি খাসির মাংস কিনতে খরচ হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা।

মাছের বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ মাছের দাম বেশ চড়া। মানভেদে প্রতি কেজি চিংড়ি ৬০০ থেকে ৮০০, পাবদা ৩০০ থেকে ৪০০, বড় আকারের রুই ৪০০ থেকে ৪৫০ এবং ট্যাংরা ৬০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ভেটকি ৪০০ থেকে৫৫০, তেলাপিয়া ২২০ থেকে ২৩০, পাঙাশ ২০০ থেকে ২২০, মৃগেল ২৫০-৩০০, বাইম ৬০০-৮০০, কৈ ৪০০-৫০০, পোয়া ২৬০ এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। তবে চাষের কৈ, তেলাপিয়া, পাঙাশ ও মাঝারি আকারের রুই মাছের দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। আকারভেদে চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি রুই ৩০০ থেকে ৩৫০ টাকায় কেনা যাচ্ছে। রূপচাঁদা ও নদীর বোয়াল মাছ কিনতে প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।

ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা দরে।

রায়েরবাজারের মাছ ব্যবসায়ী মনতাজ উদ্দিন বলেন, মাছের বাজার কয়েক মাস ধরে প্রায় একই রকম রয়েছে। চিংড়ি, রূপচাঁদা, শোল ও বড় রুই মাছের দাম সব সময় কিছুটা বেশিই থাকে। তবে ইলিশের দাম এত বেশি হওয়া উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, গত তিন-চার বছরে ইলিশের দাম অস্বাভাবিক বেড়েছে। বাজারে সরবরাহের চেয়ে ক্রেতা বেশি থাকায় এমনটি হচ্ছে।

ধানমন্ডির বাসিন্দা আনিসুর রহমান বাজারে মাছ কিনতে এসে বলেন, ‘শোল মাছ ৭০০ টাকা ও ভেটকি ৪০০ টাকা কেজি দরে কিনেছি। সব ধরনের মাছের দামই বেশি। বৃষ্টির কারণে দাম বেড়েছে কি না, জানি না।’

এদিকে মুরগির বাজার গত সপ্তাহের মতোই রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন