নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও পুরোনো মিটার পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার সন্ধ্যায় ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ ঈশ্বরদী শাখার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
সন্ধ্যা সাতটায় শহরের রেলগেট গোলচত্বর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ‘প্রিপেইড মিটার ফিরিয়ে নে, আগের মিটার ফিরিয়ে দে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিলে একাত্মতা প্রকাশ করে অংশ নেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাজিবুল আলম ইভান ও মুস্তাকিম আহমেদ খান শামীম, সদস্য রাগীব আহসান রিজভি রেজা এবং সচেতন নগরবাসী ফোরামের সদস্য ইউনুস আলী ভাষা ও সুলতানা পারভীন দুলারী।
মিছিল শেষে রেলগেট চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রাজিবুল আলম ইভান।
তিনি বলেন, ‘গ্রাহক শোষণকারী ও গণবিরোধী প্রিপেইড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করে সাধারণ মানুষের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে বিদ্যুৎ খাত বেসরকারীকরণের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে রুখে দেওয়া হবে।’

