প্রাণিসম্পদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রাণিসম্পদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে গবাদিপশুর এলএসডি প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে সচেতনতামূলক সভা, ভ্যাকসিনেশনে উদ্বুদ্ধকরণ এবং ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেতবাড়ি এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন, ভেটেরিনারি সার্জন ডা. মো. ফারুক হোসেনসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

সচেতনতামূলক সভায় খামারিদের এলএসডি রোগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। রোগ প্রতিরোধে সতর্কতা, খামারের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, আক্রান্ত পশুর ক্ষেত্রে করণীয় এবং সময়মতো ভ্যাকসিন দেওয়ার গুরুত্ব তুলে ধরে খামারিদের উদ্বুদ্ধ করা হয়।

এ সময় খামারিদের মাঝে কৃমিনাশক ওষুধ বিতরণ, ছাগলের পিপিআর ভ্যাকসিন প্রদান এবং প্রয়োজন অনুযায়ী গবাদিপশুর চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি এলএসডির লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া ও প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন বলেন, এলএসডি গবাদিপশুর একটি ঝুঁকিপূর্ণ রোগ। এটি প্রতিরোধে খামারিদের সচেতনতা, খামারের পরিচ্ছন্নতা এবং সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। খামারিদের যেকোনো সমস্যায় দ্রুত দপ্তরের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে তিনি জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন