পুকুরে ডুবে মৃত্যু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পুকুরে ডুবে মৃত্যু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ডিসি পার্কের পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ঈশ্বরদীর কলেজছাত্রের

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া শহরের ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে কাওসার (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে শহরের ডিসি পার্কের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত কাওসার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের বন্ধু শাওন জানান, দুপুরে তাঁরা কয়েকজন বন্ধু মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে কাওসার সাঁতরে পুকুরের মাঝখানে গিয়ে তলিয়ে যেতে থাকেন এবং সাহায্যের জন্য চিৎকার করেন। বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর কাওসারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং দেড় ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক ইকবাল হোসেন বলেন, পুকুরে ডুবে যাওয়া ছাত্রটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।  

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন