নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতু হয়ে মাওয়া-ভাঙ্গা রেলপথে ট্রেনের ‘স্পিড টেস্ট’ শুরু হয়েছে। শুক্রবার সকালে এ পরীক্ষামূলক চলাচল শুরু হয়।
এদিন সকাল ৭টা ৩০ মিনিটে একটি ট্রেন প্রথমে ফরিদপুরের ভাঙ্গা রেল স্টেশন থেকে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে সকাল ৯টা ৬ মিনিটে মাওয়া এসে পৌঁছায়। পরীক্ষামূলক এই ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার (কিমি)।
পরবর্তীতে সকাল ৯টা ৩০ মিনিটে মাওয়া রেল স্টেশন থেকে আবার পরীক্ষামূলক ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়। সে সময়ে ট্রেনের গতিসীমা নির্ধারণ করা হয় ঘণ্টায় ৮০ কিমি।
এদিন সর্বশেষ ট্রেনটি ১১টা ৩০ মিনিটে মাওয়া থেকে ছেড়ে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চলার কথা রয়েছে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশে রেল চলাচলের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে।’

