নিয়োগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নিয়োগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে ঈশ্বরদীর মজিবর রহমান

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে সই করেন সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব।

আদেশে বলা হয়েছে, নতুন সচিব যোগ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব (কলেজ) হিসেবে কর্মরত মজিবর রহমান এই বিভাগের রুটিন দায়িত্ব পালন করবেন। আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

এর আগের দিন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

মো. মজিবর রহমান ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন।

আউট সোর্সিংয়ের নামে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউট সোর্সিং, মাস্টার রোল ও চুক্তিভিত্তিক (দৈনিক ও অন্যান্য) পদ্ধতিতে নিয়োগের নামে একটি গোষ্ঠী বাণিজ্য নেমেছে বলে অভিযোগ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের।

বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বৈষম্য কমাতে চাকরিতে আবেদনের ক্ষেত্রে কোটা লেখা থাকলেও প্রয়োগের ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি আছে। কোটা পদ্ধতি রহিতের নামে সরকারি, বে-সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে আউট সোর্সিং, মাস্টার রোল, চুক্তিভিত্তিক (দৈনিক ও অন্যান্য) নানা শিরোনামে একটি বিশেষ গোষ্ঠী নিয়োগ বাণিজ্য চালাচ্ছে; যা সংবিধান বিরোধী ও বে-আইনি।

মেহেদী হাসান বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার ঘোষিত ৮০ শতাংশ আঞ্চলিক তথা জেলা কোটা এবং ২০ শতাংশ মেধা/সাধারণ কোটা ছিল। সেই কোটা বাস্তবায়নসহ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন মতে প্রিলিমিনারি পরীক্ষা থেকে কোটা অনুসরণ করার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে কোনো একটি কোটায় প্রার্থী পাওয়া না গেলে অন্য প্রাধিকারভুক্ত কোটার প্রার্থী দিয়ে কোটা পূরণসহ সুপ্রিম কোর্টের নির্দেশনা পালনের আহ্বানও জানাচ্ছি।

দাবি আদায়ে ঢাকাসহ দেশের সব জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। সেপ্টেম্বর ও অক্টোবরে এসব কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।


স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন