ডায়রিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডায়রিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে ডায়রিয়া বিস্তার: পানিদূষণেই আশঙ্কার মূল কারণ

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী ও আশপাশের উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি জানার জন্য গত তিন দিন ধরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে ছয় সদস্যের একটি তদন্ত দল ঈশ্বরদীতে অবস্থান করছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, গতকাল বেলা ২টা পর্যন্ত নতুন ৭২ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২২ জনকে ভর্তি করা হয়েছে। ২৯ মে থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টারে এ পর্যন্ত ৫৯২ জন চিকিৎসা নিয়েছেন। শুধু গতকাল সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত নতুন ২১ জন রোগী চিকিৎসার জন্য এসেছেন।

স্থানীয় চিকিৎসকরা ধারণা করছেন, ডায়রিয়ার প্রাদুর্ভাবের প্রধান কারণ হতে পারে পানির দূষণ বা পানিবাহিত ক্ষতিকর ব্যাকটেরিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাহেদুল ইসলাম শিশির বলেন, "যেসব রোগী হাসপাতালে আসছেন, তারা সবাই ইপিজেডের সাপ্লাই পানি পান করার কথা বলেছেন। তাই পানির মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা বেশি।"

অন্য একজন চিকিৎসক জানিয়েছেন, বেশিরভাগ শ্রমিক নিজ বাড়ি থেকে খাবার নিয়ে আসেন এবং কারখানার ক্যানটিনে খাওয়ার সুযোগ খুব কম। তারা খাবারের পর ইপিজেডের সাপ্লাই পানি পান করেন। কারখানার কেন্দ্রীয় শোধনাগার থেকে পানি সরবরাহ করা হয়। তাই পানির কোনো সমস্যা থাকলে ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে। এছাড়া, বৃষ্টির কারণে পানির প্ল্যান্টে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটার সম্ভাবনাও থাকতে পারে বলে তিনি মনে করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান বলছেন, 'পানিদূষণই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির প্রধান কারণ বলে মনে হচ্ছে। কারণ ডায়রিয়া পানিবাহিত রোগ। তাই আমাদের সন্দেহ এখন পানির দূষণের দিকে।' 

ঢাকা থেকে আসা তদন্ত কমিটির টিম লিডার ডাক্তার এ এইচ এম মোস্তফা কামাল বলেন, 'আমরা সরেজমিন তদন্তে গুরুত্ব দিয়ে কাজ করছি। ডায়রিয়ার সংক্রমণ কেন বেশি হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।' 

তিনি আরও জানান, 'ঈশ্বরদীর ইপিজেডের কেন্দ্রীয় পানি শোধনাগার, পানি সরবরাহের উৎস ও স্যানিটারি ব্যবস্থা বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে পানির নমুনা সংগ্রহ করে ঢাকায় রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

ঈশ্বরদীতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ


নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আজ শনিবার দুপুর পর্যন্ত ৫১ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আক্রান্তদের প্রায় ৯০ শতাংশই ঈশ্বরদী ইপিজেডের বিভিন্ন কারখানার শ্রমিক ও কর্মচারী। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইপিজেড কর্তৃপক্ষ কারখানাগুলোর খাবার পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে।

ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এ বি এম শহিদুল ইসলাম জানান, ‘গত কয়েক দিন ধরেই বিভিন্ন কারখানার শ্রমিকদের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। তবে আজ সংক্রমণ সবচেয়ে বেশি দেখা গেছে।’

তিনি বলেন, ‘শতাধিক কর্মীকে প্রাথমিকভাবে ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতরদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

তার ভাষায়, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার পানির মাধ্যমেই সংক্রমণ ছড়িয়েছে। তাই ২৪টি কারখানার পানি নমুনা ল্যাব টেস্টের জন্য আজই ঢাকায় পাঠানো হয়েছে।’ একই সঙ্গে সব কারখানা কর্তৃপক্ষকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে হাসপাতাল ঘুরে দেখা যায়, বিছানা সংকটে অনেক রোগী হাসপাতালের মেঝে, বারান্দা, এমনকি সিঁড়িতেও চাদর বিছিয়ে চিকিৎসা নিচ্ছেন। চারটি ওয়ার্ডই পূর্ণ। কোথাও খালি শয্যা নেই। ইপিজেডের এক নারী শ্রমিককে বারান্দায় ট্রে-সার (অস্থায়ী খাট) বিছিয়ে শুয়ে থাকতে দেখা যায়। তাঁর স্বজনেরা জানান, তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছেন এবং কথা বলতেও কষ্ট হচ্ছে।

রেনেসাঁ কারখানার কর্মী মো. জাকিয়া বলেন, ‘সকালে ভর্তি হয়েছি, কিন্তু দুপুর পর্যন্ত কোনো শয্যা পাইনি। বাধ্য হয়ে বারান্দায় বসেই চিকিৎসা নিচ্ছি।’

নারী ওয়ার্ডে ভর্তি আয়েশা খাতুন বলেন, ‘রাতে হঠাৎ পেট ব্যথা শুরু হয়। পরে বারবার পাতলা পায়খানা হতে থাকে। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যাই। পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে।’

বেসরকারি জমজম স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুলাল হোসেন বলেন, ‘আমি দিনমজুর মানুষ। গতকাল দুপুরে বাইরে থেকে চটপটি খেয়ে এসেছিলাম। এরপর থেকেই শরীর খারাপ। এখন মাথা ঘোরে, দুর্বল লাগছে।’

একই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন কলেজছাত্রী নাহিদা পারভীন। তিনি বলেন, ‘শুক্রবার রাতে এক আত্মীয়ের বাসায় খাওয়া হয়েছিল। পরদিন সকাল থেকে পেট খারাপ। পরীক্ষা সামনে, এ অবস্থায় খুব চিন্তায় আছি।’

শহরের রেলগেটে অবস্থিত রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিমুল বিশ্বাস জানান, ‘ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় প্রতিদিনই কিছু রোগী তাঁর ক্লিনিকে চিকিৎসা নিতে আসছেন। গত দুদিনে পাঁচজন রোগী ক্লিনিকে এসে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন।’

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী এহসান বলেন, ‘পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। তবে যেহেতু অধিকাংশ রোগী ইপিজেড এলাকার, মনে হচ্ছে পানির মাধ্যমেই সংক্রমণ হয়েছে।’ তিনি জানান, বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে এবং ঢাকায় একটি মেডিকেল টিম পাঠানোর অনুরোধ করা হয়েছে।

শয্যা সংকটের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘যদিও অনেকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন, আমরা নিশ্চিত করছি যেন সবাই যথাযথ চিকিৎসা পান।' 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন