ছাত্রলীগ নেতার কান্ড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছাত্রলীগ নেতার কান্ড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে পুলিশকে বেধরক মারধর, ছাত্রলীগ নেতাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগ নেতার মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদ এবং কাগজপত্র না থাকায় মোটরসাইকেলটি জব্দ করায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী দাশুরিয়ার মুনশিদপুরে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর হাটপাড়া গ্রামের আশিকুর রহমান আকাশ (২৪)। তিনি মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও পাবনা কলেজ শাখার সাধারণ সম্পাদক। হাসিব আলী (২৯) একই এলাকার বাসিন্দা ও আকাশের বন্ধু।  

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল বলেন, বৃহস্পতিবার বিকেলে পাবনার সদর উপজেলার টেবুনিয়া বাজারের পাশে চেকপোস্ট চলছিল। হেলমেটবিহীন অবস্থায় উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন আকাশ ও হাসিব। এ সময় হাইওয়ে পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলটি জব্দ করে কনস্টেবল সাধন চন্দ্রের মাধ্যমে পাকশী হাইওয়ে থানায় পাঠানো হয়। পথে মুনশিদপুরে সাধন চন্দ্রকে আরেকটি মোটরসাইকেল নিয়ে গতিরোধ করেন আকাশ ও হাসিব। এসময় সাধন চন্দ্রকে বেধড়ক মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে চেকপোস্টের পুলিশ সাধন চন্দ্রকে আহতাবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্ত আকাশ ও হাসিবকে দুটি মোটরসাইকেলসহ আটক করে। 

তিনি আরও বলেন, গুরুতর আহত সাধন চন্দ্রকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাফিউল ইসলাম সীমান্ত বলেন, ‘তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন