ছাগল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছাগল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে ২০ দিনে ৫৫ ছাগলের মৃত্যু: দিশেহারা ক্ষুদ্র খামারিরা

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী উপজেলার মাজদিয়া পশ্চিম খাঁ পাড়ায় অজ্ঞাত এক রোগে আক্রান্ত হয়ে গত ২০ দিনে অন্তত ৫৫টি ছাগল মারা গেছে। হঠাৎ করে এই মড়ক দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নিম্ন আয়ের খামারিরা।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, রমজানের শুরু থেকে গ্রামটিতে ছাগলের অস্বাভাবিক অসুস্থতা দেখা দিতে শুরু করে। আক্রান্ত ছাগলগুলোর শরীরে তীব্র জ্বর, শ্বাসকষ্ট ও কাশির লক্ষণ দেখা দেয়। সংক্রমণের কয়েক দিনের মধ্যেই প্রাণীগুলো মারা যাচ্ছে।

গত ২০ দিনে গ্রামের দিনমজুর শফিকুল আলমের ৪টি, হোসেন আলীর ৩টি, সাইদুল ঘোষের ৩টি এবং জহুরুল ইসলামের ৪টিসহ গ্রামের বিভিন্ন বাড়িতে অন্তত ৫৫টি ছাগল মারা গেছে। ভুক্তভোগী শফিকুল আলম বলেন, ‘ধারদেনা করে ছাগলগুলো কিনেছিলাম। আশা ছিল কোরবানির ঈদের আগে বিক্রি করে ঋণ শোধ করব এবং পরিবারের জন্য নতুন কাপড় কিনব। কিন্তু এখন আমি নিঃস্ব হয়ে গেছি।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোছা. আকলিমা খাতুন জানান, অসুস্থ ছাগলগুলোর শরীরে ১০৫ থেকে ১০৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর দেখা যাচ্ছে। তীব্র শ্বাসকষ্ট ও কাশির কারণে প্রাণীগুলো খাওয়া বন্ধ করে দিচ্ছে। প্রাথমিকভাবে এটি ছাগলের ‘কন্টাজিয়াস ক্যাপরিন প্লিউরোপ্নিউমোনিয়া’ (সিসিপিপি) রোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জের ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে (এফডিআইএল) পাঠানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত রোববার ভেটেরিনারি সার্জন ডা. ফারুক হোসেনের নেতৃত্বে একটি মেডিকেল দল এলাকাটি পরিদর্শন করে। পরবর্তীতে মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সেখানে একটি বিশেষ চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে অসুস্থ ছাগলদের চিকিৎসা দেন এবং খামারিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন