আবহাওয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আবহাওয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রাতের তাপমাত্রা বাড়বে ২ ডিগ্রি

বিশেষ প্রতিনিধি: সারা দেশে আজ রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আগামীকাল রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

ঈশ্বরদীতে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে, শীতল সমীরণে কাবু মানুষ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বাড়ছে শীত। হাড় কাঁপানো হিমেল হাওয়ার দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের মধ্যে দিনমজুর, রিকশাচালক এবং খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে।

আজ শুক্রবার সকালে ঈশ্বরদী আবহাওয়া কার্যালয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
 
স্থানীয় আবহাওয়া কার্যালয় জানায়, এর আগের দিন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ক্রমেই কমার পাশাপাশি তীব্র হিমেল হাওয়ার কারণে শীতের অনুভূতি কয়েক গুণ বেড়ে গেছে।

স্থানীয়রা জানান, গত তিন-চার দিন থেকে শীতের প্রকোপ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কিছুটা কমলেও হিম হাওয়ায় নাকাল তাঁরা। দিনের বেলাও দেখা নেই সূর্যের। ঠান্ডা বাতাসের কারণে মানুষজন কাজে বের হতে দ্বিধাগ্রস্ত। বিশেষ করে সন্ধ্যা নামার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।

উপজেলা সদরের ভূতেরগাড়ি এলাকার রিকশাচালক ইসমাইল হোসেন বলেন, ‘গত তিন-চার দিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। বাতাস এত বেশি যে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। রিকশা চালাতে কষ্ট হচ্ছে, যাত্রীও পাওয়া যাচ্ছে না। কাজ না করতে পারলে সংসার চালানোই মুশকিল হয়ে পড়বে।’

এদিকে শহরের রাস্তাঘাটেও শ্রমজীবী মানুষের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কমে গেছে। যাঁরা কাজে বের হচ্ছেন, তাঁরাও সময়ের আগেই বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকে গরম পোশাকের অভাবে বাড়িতে অবস্থান করছেন।

রেলগেট এলাকায় দিনমজুর কাশেম মন্ডল বলেন, ‘শীত এমন যে হাত-পা জমে যাচ্ছে। সকাল থেকে কাজের জন্য বের হই, কিন্তু কাজ পাই না। শীতে কেউ কাজে ডাকছে না। এই ঠান্ডায় খেতে কাজ করা বা কোনো ভারী কাজ করা একেবারেই কঠিন। আমাদের মতো গরিব মানুষের শীত মানে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই।’

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক বলেন, ‘শুক্রবার সকালে উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। তবে শীতের প্রকোপের মূল কারণ হিমেল বাতাস। এটি তাপমাত্রার চেয়ে বেশি শীত অনুভব করাচ্ছে।’
 
অন্যদিকে শীতের এ পরিস্থিতিতে দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ এবং সহায়তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

দেশজুড়ে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন