নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও রাশিয়া। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে আয়োজিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে একমত পোষণ করে দুই পক্ষ।
অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের পক্ষে নেতৃত্ব দেন মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড বজায় রেখে অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। জবাবে রোসাটমের মহাপরিচালক প্রকল্পের নিরবচ্ছিন্ন প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠক শেষে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে উভয় নেতা শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
1.jpg)
