রূপপুর বিদ্যুৎকেন্দ্রে লিফটে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজের সময় লিফট থেকে নিচে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল খন্দকার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর প্রকল্পে নিকিমথ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে এমটিইউ-২ অংশে কাজ করতেন।

পুলিশ ও প্রকল্প কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উক্ত প্রতিষ্ঠানের ওওইউকেএস ভবনে একটি ম্যান লিফটে কাজ করছিলেন উজ্জ্বল। একপর্যায়ে প্রায় ২০ ফুট ওপর থেকে তিনি নিচে পড়ে যান। এতে তাঁর হাত-পা ভেঙে যায় এবং ঘাড়ে গুরুতর আঘাত পান।

সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে দুর্ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন