পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: পাবনায় উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সম্প্রতি পাবনার ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মসূচির যৌথ আয়োজন করে অর্থ মন্ত্রণালয়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক।

যমুনা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ঋণসুবিধার মাধ্যমে তাঁদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনাধীন ‘শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও উদ্ভাবনের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের যুগ্ম পরিচালক আইয়ুব আলী, যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের প্রধান ফজলুল হক এবং ব্যাংকটির হেড অব এসএমই (মার্কেটিং) এন এইচ এম নুসরাত।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন