ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের সাজা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে আটক ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত এই মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার চর রূপপুর গ্রামের রঞ্জু খা, সজীব হোসেন ও রবিউল ইসলাম; দাদাপুর গ্রামের পলাশ বিশ্বাস; বিলকেদার গ্রামের জিয়াউর রহমান; আওতাপাড়া গ্রামের মো. সাহাবুল; এবং শহরের ফতেমোহাম্মদপুর এলাকার শাহীন খান, সোবহান শেখ ও ইশা বখতিয়ার। তাঁদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা করা হয়েছে এবং তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন বলেন, পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবন ও মাদকের সঙ্গে জড়িত থাকার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯ জনকে সাজা দেওয়া হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এর পাশাপাশি দিনব্যাপী পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁরা অল্প কিছু দিন আগে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় তাঁদের সংশোধনের সুযোগ দিতে স্বল্প মেয়াদের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক থেকে ফিরে আসার অঙ্গীকার হিসেবে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে, যেন ভবিষ্যতে তাঁরা আর মাদকের সঙ্গে জড়িয়ে না পড়েন।

তিনি আরও বলেন, ঈশ্বরদীতে মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন