ঈশ্বরদীতে তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া বাজারের মুনসুর ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

আহত ওই যুবকের নাম উজ্জ্বল হোসেন (৩৭)। তিনি সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের আকমল হোসেনের ছেলে।

ভুক্তভোগী উজ্জ্বল হোসেন জানান, সকালে মোটরসাইকেলে পেট্রল নিতে তিনি মুনসুর ফিলিং স্টেশনে যান। সেখানে সবাই আগে তেল নেওয়ার চেষ্টা করছিলেন। শৃঙ্খলা ফেরাতে তিনি সবাইকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানোর অনুরোধ জানান। এতে উপস্থিত অধিকাংশ ব্যক্তি রাজি হলেও কয়েকজন তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেখানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেই সুযোগে পেছন থেকে কেউ একজন তাঁকে ছুরিকাঘাত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ফিলিং স্টেশনে প্রায় দুই শ মোটরসাইকেল আরোহী জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সেখানে ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু হয়। এর কিছুক্ষণ পরই দেখা যায়, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী এহসান জানান, রক্তাক্ত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ‘আড়ামবাড়িয়ায় তেল নেওয়াকে কেন্দ্র করে একজনকে ছুরিকাঘাতের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন