নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল শহীদপাড়ায় ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডে নিহত শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
দিবসটি উপলক্ষে স্থানীয় স্মৃতিফলক প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। এ সময় শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম সরদার বলেন, বাঘইল গণহত্যার ভয়াবহ স্মৃতি আমাদের মনে করিয়ে দেয়—এই স্বাধীনতা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে।
সভায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর ইসলামসহ অন্য বক্তারা স্মৃতিচারণা করে বলেন, স্মৃতিফলকে খোদাই করা প্রতিটি নাম স্বাধীনতার একেকটি জীবন্ত দলিল। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলবে—এমন প্রত্যাশা করেন তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক আলাউদ্দিন সরদার, আজিজুল হক সরদারসহ শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে মনে ধারণ করার এবং তা বজায় রাখার অঙ্গীকার করেন।

