নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈশ্বরদীতে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার সাকড়েগারী এলাকায় সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘সতেজ সমাজ কল্যাণ সংস্থা’ এই আয়োজনের উদ্যোগ নেয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানে মোট ৮০টি পরিবারের নারী ও পুরুষদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। সংস্থার সভাপতি রুবেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা।
বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন এবং রাজাপুর ডিগ্রি কলেজের প্রভাষক এম রাশেদুল আউয়াল রিজভী। তাঁরা সংস্থার জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন এবং যুবসমাজকে আরও সক্রিয়ভাবে সামাজিক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সংস্থার সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজন অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সংস্থার অর্থ সম্পাদক হাসান ইসলাম, সাংবাদিক মুনমুন এবং বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

