পাবনায় ‘মেমোরিয়াল ক্লাব বুকস’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: পাবনার দিলালপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘মেমোরিয়াল ক্লাব বুকস’।  সোমবার শহরের সাহিত্যপ্রেমী, সংস্কৃতি–সেবী ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে নতুন প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

দেশবরেণ্য কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন। তাঁকে ঘিরে স্থানীয় কবি–সাহিত্যিকদের সঙ্গে ঢাকার অতিথিদের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মজিদ মাহমুদ বলেন, ‘এটি শুধু বই কেনা–বেচার জায়গা নয়; ধীরে ধীরে সমাজ, সংস্কৃতি ও জ্ঞানচর্চার এক মুক্ত মিলনমেলায় রূপ নেবে।’

অনুষ্ঠানে ঢাকার বিশিষ্ট সাহিত্যিক কবি রফিক সোলায়মান এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার উপস্থিত ছিলেন। আরও ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. রুহুল আমিন, কবি ও গল্পকার আখতার জামান, গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, চিকিৎসক ডা. সরওয়ার জাহান ফয়েজ, জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই, শিক্ষাবিদ ফৌজিয়া আখতার এবং পাবনা জেলা রোভার সম্পাদক আলী আকবর মিয়া রাজু।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন