ঈশ্বরদীতে শত্রুতা করে গাজরের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে শত্রুতা করে দুর্বৃত্তরা তিন বিঘা জমির গাজর নষ্ট করেছে। শুক্রবার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক রবিউল ইসলামের ক্ষেতের এই ঘটনা ঘটে। এতে তিনি ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠ দেখার পর বাড়ি ফিরে যান। শুক্রবার সকালে মাঠে আসতে পারেননি। বিকেলে মাঠে গিয়ে দেখেন, তার সব গাজর ‘মারা’ বিষ ছিটিয়ে পুড়ে গেছে। তিনি বলেন, রাতের আঁধারে আমার সঙ্গে শত্রুতা করে কেউ আমার ক্ষেত নষ্ট করেছে। আমি একজন ক্ষুদ্র চাষি। বীজ, সার ও কীটনাশকের দোকান থেকে বাকি টাকা দিয়ে এবার গাজর রোপণ করেছিলাম। চারা ভালোই হয়েছে। আশা করছিলাম প্রতি বিঘা গাজর এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করতে পারব। কিন্তু দুর্বৃত্তরা সেই স্বপ্ন ছিনিয়ে নিয়েছে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, কৃষকের তিন বিঘা জমির গাজর শত্রুতা করে বিষ প্রয়োগ করে পুড়িয়ে দেওয়া খুবই দুঃখজনক। একজন চাষি নিজের ফসলকে সন্তানের মতো লালন করে। তাদের প্রধান পেশা কৃষি, আর এই ফসলের মাধ্যমে তারা সংসার চালায়। হয়তো পুরো ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়, তবুও আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত রবিউল ইসলামের সহায়তার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন