নিজস্ব প্রতিবেদক: বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না এবং যেসব নেতা সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের কখনো দলের প্রার্থী করা হবে না বলে জানিয়েছেন বিএনপি ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস।
তিনি বলেন, 'যাদের হাতে ‘ধানের শীষ’ প্রতীক নিরাপদ মনে হয়নি, তাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় না। দলের নেতৃত্ব বিচার-বিশ্লেষণ করে প্রার্থী চূড়ান্ত করে।'
বৃহস্পতিবার বিকেলে সাহাপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে আলাউদ্দিন বিশ্বাস এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জন্য যথাযথ প্রার্থী বাছাই করেছেন।'
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে মৌখিক অনুমতি দেওয়ায় দাবী করে আয়োজিত এ সমাবেশে দলীয় ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়া হয়।
আনন্দ মিছিলটি আওতাপাড়া বাজার থেকে শুরু হয়ে সিলিমপুর মোড়ে এসে সমাবেশে শেষ হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার সাগর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি।
এ সময় সাহাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান লিটন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমন, ইব্রাহিম হোসেনসহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

