নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে মনোনয়ন পাবেন, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী ইপিজেড গেট ব্যবসায়ী সমিতির আয়োজনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান।
জাকারিয়া পিন্টু বলেন, ‘পাবনা-৪ আসনে কে বেশি জনপ্রিয়, কে তৃণমূলে গ্রহণযোগ্য-তা নিরপেক্ষভাবে মূল্যায়ন করে মনোনয়ন দিতে হবে। যারা আন্দোলনে সক্রিয় ছিলেন, দলের কঠিন সময়ে পাশে থেকেছেন, তাদের গুরুত্ব দেওয়া দরকার।’
তিনি আরও বলেন, ‘দলের ভেতরেই এখন ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা আমার পাশে আছেন। ইনশাআল্লাহ, সব বাধা ডিঙিয়ে আমরা লক্ষ্যে পৌঁছাব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আহসান হাবিব এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দীন আহমেদ মালিথা।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


