নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
প্রতি বছরের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে এসব জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সোমবার সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের এখানে ঈদের নামাজ আদায় করার কথা আছে।
সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আয়োজনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এখানে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তবে আশেপাশের সড়ক এবং জায়গা মিলিয়ে ঈদের নামাজে অংশ নিতে পারেন প্রায় ৯০ হাজার মুসল্লি। এছাড়া ভিভিআইপি গ্যালারিতে ২৫০ জনের মতো নামাজ আদায় করতে পারবেন। নামাজ আদায়ের জন্য আরামদায়ক কাপের্ট বিছানো হয়েছে। এছাড়া নামাজ পড়তে আসা মানুষের জন্য সুপেয় পানিরও ব্যবস্থা করেছে দক্ষিণ সিটি করপোরেশন।
এছাড়া সোমবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ডিএনসিসির উদ্যোগে আয়োজিত এই ঈদ জামাতে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। নামাজ শেষে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুই দিনব্যাপী ঈদ মেলা অনুষ্ঠিত হবে।

