নিজস্ব প্রতিবেদক: একসময় যেখানে কাদা, ময়লা আর যানজট ছিল নিত্যসঙ্গী, এখন সেখানে ফুটে উঠেছে সৌন্দর্যের ছোঁয়া। ঈশ্বরদীর দাশুড়িয়া গোলচত্বরের এই পরিবর্তন চোখে পড়ার মতো। পাবনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে গোলচত্বরের সৌন্দর্যবর্ধন ও রাস্তা উন্নয়নের কাজ করা হয়েছে, যা দেখে মুগ্ধ পথচারী, যাত্রী ও চালকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দাশুড়িয়া মোড় একসময় ছিল এক বিশাল সমস্যার জায়গা। খানাখন্দে ভরা রাস্তা, পানিবদ্ধতা, যানজট আর দুর্গন্ধে ভরা পরিবেশ—সব মিলিয়ে এখানে আসতে হলে ভোগান্তি ছিল নিশ্চিত। গাড়ি বিকল হয়ে রাস্তায় পড়ে থাকত, ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকত যানবাহন।
এখন দাশুড়িয়া গোলচত্বরে দেখা যাচ্ছে এক ভিন্ন দৃশ্য। চারপাশে ফুটেছে রঙিন ফুল, রাস্তা হয়েছে টেকসই ও মসৃণ। কোথাও ময়লা নেই, নেই যানজটের ভোগান্তি। পরিবেশটাও এখন অনেক পরিচ্ছন্ন ও মনোরম।
২-৩ জন পথচারী ও স্থানীয়রা বলছেন, এই উন্নয়ন শুধু রাস্তার নয়, বরং মানুষের মনে আনন্দ ছড়িয়ে দিয়েছে। এখন দরকার শুধু নিয়মিত পরিচর্যা ও যত্ন, যেন সৌন্দর্যবর্ধনের এই ধারা টিকে থাকে।
গাড়িচালক মো. আরিফ হোসেন বলেন, "আগে এই রাস্তা দিয়ে চলাচল করা ছিল দুঃস্বপ্নের মতো। এখন রাস্তা এত সুন্দর হয়েছে যে, গাড়ি চালাতে ভালো লাগে।"
স্থানীয় সমাজসেবক সাইদুল ইসলাম মান্না সরদার বলেন, "এভাবে শৃঙ্খলা ও সৌন্দর্য ধরে রাখা গেলে দুর্ঘটনাও কমবে, আর যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।"
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাদিকুর রহমান জানান, "৪-৫ বছর আগে উন্নয়নের কাজ শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় রাস্তা ও গোলচত্বরের সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে, যা ভবিষ্যতেও চলবে।"
দাশুড়িয়া গোলচত্বরে শৃঙ্খলা ও সৌন্দর্যের ছোঁয়া
এই সময়ে
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

