চরগড়গড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষকদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে এই সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

সমাবেশে প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বলেন, 'কৃষকরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু আজ তারা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। কৃষি উপকরণ ও সরঞ্জামের উচ্চমূল্যের কারণে তাদের জীবন কঠিন হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতি এমন যে, বাজারে কৃষকের উৎপাদিত সবজির দাম পানির চেয়েও কম।'

তিনি আরও বলেন, 'বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের জন্য ১০০ কোটি টাকার কৃষি অনুদান দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কৃষি ঋণ মওকুফ ও জমির খাজনা মওকুফ করেছিলেন। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ভর্তুকি দেওয়া হবে এবং তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।'

সমাবেশে সভাপতিত্ব করেন সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার লুবনা, পাবনা জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক আহসানুল হক মুন্না, উপজেলা কৃষক দলের আহ্বায়ক পাঞ্জুর রহমান সরদার এবং ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া হাসেম।

বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি তহিদুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, মহিলা দলের সদস্য সচিব চামেলি বেগম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস।
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন