নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে প্রিয় বাংলাদেশকে উন্নত ও শান্তির দেশে পরিণত করা সম্ভব। তিনি বলেন, কোরআনের নীতি-আদর্শের ভিত্তিতে দেশ পরিচালিত হলে বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হবে, আর জনগণ সুখে-শান্তিতে বসবাস করবে।
পথসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় নাটোর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে ঈশ্বরদী উপজেলার নতুন হাট গোল চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, "আমাদের সন্তানরা এখন স্লোগান দিচ্ছে—‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’। এই যুদ্ধ অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে। এদেশের মানুষের প্রকৃত মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে ইনশাল্লাহ।"
দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি ষড়যন্ত্র মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে।"
পথসভায় ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, ঈশ্বরদী উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, সেক্রেটারি সাইদুল ইসলামসহ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।
এর আগে, ডা. শফিকুর রহমানকে মোটর শোভাযাত্রার মাধ্যমে ঈশ্বরদীর মুলাডুলি থেকে নতুন হাট গোল চত্বরে আনা হয়।
ঈশ্বরদীতে জামায়াত আমির: প্রিয় বাংলাদেশকে গড়ে তুলতে একসঙ্গে কাজ করার আহ্বান
এই সময়ে
শুক্রবার, জানুয়ারি ০৩, ২০২৫
