ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় রিকশা ও সিএনজি ক্ষতিগ্রস্ত, আহত চারজন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌর শহরের রেলগেটে শানটিং ট্রেনের (বগি সরানোর ট্রেন) ইঞ্জিনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি রিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এই ঘটনায় চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম জানান, তিনি রেলগেট সংলগ্ন একটি দোকানে বসে ছিলেন। ট্রেনটি শানটিং করার সময় রেলগেট খোলা ছিল। ইঞ্জিন রেলগেটের কাছে আসার পরেও গেটম্যান গেট নামাননি। এ সময় একটি পাওয়ার ট্রলি ইঞ্জিনের সামনে দিয়ে ঝুঁকি নিয়ে পার হয়ে যায়। এর কিছুক্ষণ পর, ইঞ্জিনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আহতদের মধ্যে রিকশাচালক তোফায়েল আহমেদ বলেন, ‘রেলগেট খোলা দেখে রিকশা নিয়ে পার হচ্ছিলাম। হঠাৎ ইঞ্জিন এসে রিকশায় ধাক্কা দেয়। রিকশাসহ আমি ছিটকে রেললাইনের পাশে পড়ে যাই।’

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। দোষী প্রমাণিত হলে লোকোমাস্টার ও গেটম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন