শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে বেবিচক: চেয়ারম্যান

শাহজালাল বিমানবন্দর
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে বেবিচক।

তিনি বলেন, এতে করে আরও বেশি সুযোগ-সুবিধা পাবেন প্রবাসীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেবিচক সদর দপ্তরে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিক সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সঙ্গে সাক্ষাতে বেবিচক চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, বিমানবন্দরে ধারণক্ষমতার থেকেও অনেক বেশি যাত্রীর চাপ সামাল দিতে হচ্ছে। সেবা বৃদ্ধিতে বেবিচক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। নতুন আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেগুলোর কার্যক্রম চলমান।

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে প্রবাসীদের জন্য শাহজালালের বহুতল কার পার্কিংয়ের দ্বিতীয় তলায় বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিশেষ লাউঞ্জে প্রবাসীদের বিশ্রাম নেওয়া এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন