এবার শারদীয় দুর্গা পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গা পূজা
ছবিঃ সংগৃহীত

সংবাদ সাতদিন ডেস্ক : এবার শারদীয় দুর্গা পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

রবিবার বিকেলে রমনা কালীমন্দির পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এসময় তিনি আরও বলেন, ‘সবাই নির্বিঘ্নে  পূজা করতে পারবে। এবার যেন দুর্গাপূজা ভালোভাবে হয়, নির্বিঘ্নে হয় শান্তিপূর্ণভাবে হয় এজন্য আমরা নানা পদক্ষেপ নিয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে আট দফা নির্দেশনা পাঠিয়েছি। এছাড়াও এই নির্দেশনা ডিসি, ডিআইজি,এসপি, ওসি সবাইকে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘আমি এবার আশা করব আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন। আমরা এই পূজার নিরাপত্তার জন্য এবার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী মোতায়েন থাকবে। এজন্য আপনারা এবার কোথাও কোনো বাধা-বিপত্তির মুখোমুখি হবেন না। আমরা এনটিএমসির মাধ্যমে কোথাও কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে যাতে খবর পৌঁছে যায় আমরা সেই ব্যবস্থা করেছি।’

পূজা যাতে নির্বিঘ্নে এজন্য তিনি এ সময় সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, পূজা উদযাপন কমিটির ভাই ও বোনেরা তারা কিন্তু ভালো আয়োজন করেছে। তারা নিজেরাই স্বেচ্ছাসেবী। তারা ২৪ ঘণ্টায় তাদের ডিউটি করবে। অনেক জায়গায় দেখা যায় স্বেচ্ছাসেবীরা হয়তো রাত ৩টার পর উধাও হয়ে যায়। কিন্তু এবার মনে হয় কোনো স্বেচ্ছাসেবী পূজা মণ্ডপ ছেড়ে যাবে না।

এ সময় তিনি পূজা মণ্ডপে যারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাদের সজাগ এবং সতর্ক থাকার অনুরোধ করেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন