নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মাটির পুতুল আগুনে পোড়াতে গিয়ে রিয়া খাতুন (১২) নামে এক শিশুশিক্ষার্থী দগ্ধ হয়ে মারা গেছে। বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রিয়া উপজেলার মানিকনগর পাঠশালা মোড়ের পিন্টু বিশ্বাসের মেয়ে। সে দিয়াড় সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
তার ফুফাতো ভাই সৌরভ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার দুপুরে বাড়িতে মাটির তৈরি পুতুল আগুনে পোড়াতে গিয়ে দগ্ধ হয় রিয়া। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা রহমান বলেন, রিয়ার মুখমণ্ডলসহ শরীরের বেশির ভাগ পুড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে রামেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রিয়ার বাবা পিন্টু বিশ্বাস রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি করেন। তাঁর স্ত্রী বাড়ির মূল ফটকে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। এ সময় রিয়া এবং তার ৫ বছরের ভাই গ্যাসলাইট জ্বালিয়ে উঠানে খেলছিল। এক পর্যায়ে রিয়া মাটির পুতুল পোড়াতে গেলে পোশাকে আগুন লেগে যায়। এ সময় বাড়ির ফটক তালাবদ্ধ থাকায় প্রতিবেশীরা বাড়িতে প্রবেশ করতে পারেনি। আগুনে রিয়ার পুরো শরীর পুড়ে যায়।
.jpeg)
