চাপ নয়, কেন্দ্রে আসতে ভোটারদের বোঝানো হচ্ছে: সিইসি


নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য ভোটারদের চাপ দেয়া হচ্ছে না। বরং ভোট দিতে কেন্দ্রে আসার জন্য তাদের বোঝানো হচ্ছে।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে ‘নির্বাচনের প্রস্তুতি ও অগ্রগতি’ বিষয়ক এক বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)।

উক্ত বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে বিদেশি কূটনীতিকরা নির্বাচনে ভোটদানে ভোটারদের ওপর কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে কি না’ এমন প্রশ্নে সিইসি বলেন, ‘ভোট দিতে ভোটারদের কোনো ধরনের চাপ দেয়া হচ্ছে না।’

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘আমরা যখনই নির্বাচন করি ভোটারদের কাছে একটা আবেদন রাখি এবং সেটা আমাদের দায়িত্বের অংশ। তাদের আমরা বলি, ‘আপনারা ভোটকেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ করবেন। সেটা চাপ নয়, এটা হচ্ছে সচেতনতা।’

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘চাপের কথা যদি বলতে হয় তাহলে অন্যদিক থেকে তা আসতে পারে। যেমন- একটি বয়কটিং দল (বিএনপি) ভোট বর্জন করেছে এবং ভোটারদের প্রতি তাদের আবেদন হল যেন ভোটাররা ভোটকেন্দ্র না যায়। তাহলে একটা চাপ সৃষ্টি হতেই পারে। এটাই বিদেশি কূটনীতিকদের ব্যাখ্যা করেছি।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন