আ. লীগের প্রার্থীকে রক্তাক্ত করে বঙ্গোপসাগরে ফেলার হুমকি


নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলমকে রক্তাক্ত করে বঙ্গোপসাগরে ফেলার হুমকি দিয়েছেন সেনবাগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত দুই মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

২২ ডিসেম্বর শুক্রবার  দুপুরে সেনবাগের ছমির মুন্সির হাটে এক মতবিনিময় চলাকালীন এ হুমকি দেন তিনি।

ভিডিওতে দেখা গেছে বক্তব্যের এক পর্যায়ে জাহাঙ্গীর আলম মানিক বলেন, আমি একজন প্রার্থী ছিলাম এবং আতাউর রহমান ভূঁইয়া মানিক ভাইও প্রার্থী ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের কাউকে নৌকা না দিয়ে প্রধানমন্ত্রী আগের জন মোরশেদ আলমকে মনোনয়ন দিয়েছেন। তারপর আমরা নেত্রীর নির্দেশে মনোনয়ন জমা দিয়েছিলাম। পরবর্তী সময়ে আমার মনোনয়ন বৈধ হয়েছিলো। আমি আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি এবং আতাউর রহমান ভূঁইয়া মানিক ভাইকে (কাঁচি প্রতীক) সমর্থন দিয়েছি।

এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলমকেকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর আলম মানিক আরও বলেন, আমরা রক্তাক্ত করে বঙ্গোপসাগরে নিয়ে ফেলব আপনাকে। আজ আমরা সেনবাগের আওয়ামী লীগ ঐক্য। বাড়ি ফেরা না পর্যন্ত আমরা ঐক্য। আমাদের বিজয় আমরা সুনিশ্চিত করব। আজকে সময় এসেছে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার। সুতরাং আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি কেউ ব্যালটে হাত দিতে আসে তাহলে তার জবাব হবে বুলেটের মাধ্যমে। আমরা যদি শুধু টাকার উপর নির্ভরশীল থাকি তাহলে আমাদের নেতাকে (আতাউর রহমান ভূঁইয়া) জেতাতে পারবে না।

জানা গেছে, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম এ বিষয়ে রোববার (২৪ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন