নিজস্ব প্রতিবেদক: দেশীয় চলচ্চিত্রের সর্বকনিষ্ঠ নায়িকা পূজা চেরি। ছোটবেলা থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত হলেও চলচ্চিত্রে তার ক্যারিয়ার বেশি দিনের নয়। কিন্তু এই স্বল্প সময়েই বেশ কিছু সিনেমার মাধ্যমে আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন এই অভিনেত্রী। এরই মধ্যে ঢাকাই ইন্ডাস্ট্রিতে বর্তমান প্রজন্মের নায়িকাদের মধ্যে পূজা চেরিও নিজের একটা আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। বিশেষ করে নায়িকা হিসেবে তার প্রথম বাংলাদেশি সিনেমা ‘পোড়ামন টু’র মাধ্যমে দর্শকমনে স্থায়ী একটা জায়গা করে নিয়েছেন। এরপর গত বছর শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমায় অনবদ্য অভিনয়ের পর তো পূজা নিজের অবস্থানকে আরও বেশি দৃঢ় করে নিতে পেরেছেন।
বর্তমানে চলচ্চিত্রের আরেক উঠতি নায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন। একসঙ্গে তিন ছবির কাজ করছেন তারা। যার মধ্যে আলোক হাসানের ‘নাকফুল’ সিনেমার কাজ প্রায় শেষ হয়েছে। আগামী বছর ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’ সিনেমার কাজও প্রায় ৮০ ভাগ শেষ করেছেন আদর-পূজা। একই প্রযোজক-পরিচালকের ‘দরদিয়া’ সিনেমার কাজ শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারিতে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর ফেব্রুয়ারি মাসটা পূজার জন্য হবে বেশ গুরুত্বপূর্ণ সময়। কারণ একই মাসে যেমন ‘নাকফুল’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। আবার একই মাসে ‘দরদিয়া’র শুটিং শুরু হওয়ারও কথা রয়েছে।
পূজা চেরি বলেন, ‘আদর আজাদ ভাইয়ের সঙ্গে কাজ করতে ভালো লাগে। ‘লিপস্টিক’ সিনেমায় আমাদের দুজনের কাজ দেখে প্রযোজক-পরিচালকের ভালো লেগেছে বিধায় আবারও একই টিমের সিনেমায় কাজ করতে যাচ্ছি আমরা। আশা করছি ভালো হবে।’

