একাডেমির নামে চলছে হোস্টেলের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: কটি দেশের প্রান্তিক অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে এসে তাদের বোর্ডের তত্ত্বাবধানে রেখে উদীয়মান ক্রিকেটার তুলে আনাই একটি দেশের ক্রিকেট বোর্ডের একাডেমির কাজ। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে এসে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতি সৃষ্টি করেছে। একাডেমির সংজ্ঞাটাই পুরো বদলে গেছে বিসিবির কাছে এসে।

অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও একটি একাডেমি রয়েছে। রয়েছে একাডেমি ভবনও। কিন্তু সে সবকিছুই কেবলই নামে। কাজ তাদের পুরোই ভিন্ন। বিসিবির একডেমি নামে থাকলেও কাজে মোটেও নেই।

বিসিবির একাডেমির আদতে কোনো কাজ না থাকলেও কিছুটা কাজে লাগে একাডেমি ভবনটি। যেখানে ক্রিকেটার প্রস্তুতের সব কার্যক্রম পরিচালিত হওয়ার কথা ছিল, সেখানে দেখা মেলে ভিন্ন চিত্রের।

বর্তমানে একাডেমি ভবনটি কেবল ব্যবহার করা হচ্ছে বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের থাকার জন্য। সেখানে জাতীয় দলের ঢাকার বাইরে থেকে আসা ক্রিকেটাররাও থাকেন। সেখানে রয়েছে ক্রিকেটারদের থাকা-খাওয়ার সুব্যবস্থা।

শুধু তাই নয়, সম্প্রতি বিসিবির মার্কেটিং বিভাগের অফিস নিয়ে আসা হয়েছে এই একাডেমি ভবনে। একই সঙ্গে এই ভবনেই অবস্থান করছে দুর্নীতি দমন বিভাগের (আকসু) অফিস।

প্রতি বাজেটে এই একাডেমি ভবনের পেছনে বড় অঙ্কের বাজেট প্রণয়ন করা হয়। বরাদ্দকৃত অর্থ ব্যবহার করার কথা ছিল উদীয়মান ক্রিকেটার তুলে আনার পেছনে। কিন্তু বাস্তবে সেই অর্থ ব্যয় করা হচ্ছে ‘হোস্টেলে’ থাকা ক্রিকেটারদের থাকা-খাওয়ার পেছনেই। কেননা এই দুই কাজ ছাড়া আর কোনো কাজের দেখা মেলে না একাডেমির।

এত প্রভাবশালী এক ক্রিকেট বোর্ডের একাডেমির যদি এমন বেহাল দশা থাকে, তাহলে সেই দেশের ক্রিকেট দলের কাছ থেকে এমন বেহাল পারফরম্যান্স আশা করাটা অবাস্তব কিছু যে না, সেটি চোখ বন্ধ করেই হয়তো বলে দেওয়া সম্ভব।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন