নিজস্ব প্রতিবেদক: আবারও দশম দফায় অবরোধ দিল বিএনপি। এবার অবরোধের সঙ্গে যোগ হয়েছে একদিনের মানববন্ধন। দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে টানা দশম দফার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৬ ও ৭ ডিসেম্বর বুধ ও বৃহস্পতিবার সারাদেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে দলটি। একই সঙ্গে আগামী ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
৪ ডিসেম্বর সোমবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে ৪ ডিসেম্বর সোমবার সারাদেশে পালিত হচ্ছে নবম দফার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি, যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়। আগামী মঙ্গলবার বিরতি দিয়ে পরের দুইদিন নতুন কর্মসূচি দিলো দলটি।
২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দিলে তারা এ সরকারের পদত্যাগের একদফাসহ মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। সমমনা জোটগুলোও এই কর্মসূচির যুগপৎভাবে পালন করেছে। এরপর থেকে পর্যায়ের ক্রমে তারা প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার-শনিবার ছুটির দুইদিন বিরতি দিয়ে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি করে যাচ্ছে। এই পর্যন্ত তারা ৯ম দফায় অবরোধের কর্মসূচি পালন করেছে।

